জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বগুড়া প্রেসক্লাব আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেছেন শহর জামায়াতে ইসলামী বগুড়ার নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে তারা প্রদর্শনী ঘুরে দেখেন এবং আন্দোলনের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও ফুটেজ প্রত্যক্ষ করেন।
প্রদর্শনী পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, সমাজসেবা সম্পাদক মাওলানা আব্দুল হালিম বেগ, যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন এবং প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন।
প্রদর্শনীর শেষে স্মারক বইয়ে মন্তব্য লিখে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন,\"জুলাই আন্দোলনের সময় আমি এবং আমাদের সেক্রেটারী কারাগারে ছিলাম। তাই ঘটনাগুলো সরাসরি দেখতে পারিনি। এই প্রদর্শনী দেখে আন্দোলনের গভীরতা ও তাৎপর্য নতুন করে উপলব্ধি করতে পারলাম। সত্যিই মুগ্ধ হয়েছি।\"
তিনি আরও বলেন,\"এই ফ্যাসিস্ট সরকারের পতনের ইতিহাস ও আন্দোলনের বাস্তব চিত্র সাধারণ মানুষের সামনে আরও বেশি করে তুলে ধরা দরকার। সংবাদকর্মীদের এ বিষয়ে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানাই।\"
প্রদর্শনীর আয়োজকরা জানান, এখানে জুলাই ২০২৪-এর গণ-আন্দোলনের বিভিন্ন পর্যায়ের ছবি, ভিডিও, ব্যানার ও স্মারক উপকরণ প্রদর্শিত হচ্ছে, যা আন্দোলনের স্মৃতি ও বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সহায়ক হবে।






