বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামানের নির্বাচনী অফিসে হামলা চালিয়ে তিন নেতাকর্মীকে আহত করার অভিযোগে উঠেছে বিএনপির বিরুদ্ধে। হামলাকারীরা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের উত্তর বেলাই গ্রামে এ ঘটনা ঘটে। এতে জামায়াতের কিচক ইউনিয়ন শাখার ৪ নম্বর ওয়ার্ড সভাপতি শাহ জালাল, সমর্থক রশিদুল ইসলাম ও আবু তাহের গুরুতর আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বগুড়া প্রেসক্লাবে বুধবার সংবাদ সম্মেলনে জামায়াতের স্থানীয় নেতারা অভিযোগ করেন, হামলার পর থানায় এজাহার দেওয়া হলেও পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। তারা প্রশাসনের প্রতি প্রশ্ন তুলেছেন যে, রাজনৈতিক প্রভাবের কারণে কি নিরপেক্ষ পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বগুড়া শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হোসাইন বলেন, “শিবগঞ্জে জামায়াত প্রার্থীর ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। প্রশাসন এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি। জামায়াতে ইসলামী একটি শান্তিপূর্ণ রাজনৈতিক দল। আমরা অশান্ত হতে চাই না।”

তিনি আরও বলেন, “সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত হলে বগুড়া-২ আসনে জামায়াত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতিকে বিপুল ভোটে বিজয়ী হবেন।” সংবাদ সম্মেলনে অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান সহ অন্যান্য নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।