বরগুনা প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলায় পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কে ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে  দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার  চালকসহ আরও তিনজন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে এ দুর্ঘটনা ঘটে 

নিহতরা হলেন আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামের মিরাজুল ইসলাম শাওন (২০) এবং পটুয়াখালীর আলীপুরের  মহিষডাঙ্গা এলাকার বেল্লাল (৩৬) । দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিক্সার চালক ফাহাদ এবং যাত্রী তুহিন ও জসিম সিকদার।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার রাতে যাত্রীবোঝাই অটোরিক্সাটি মহিষকাটা থেকে উপজেলা সদরের দিকে আসছিল। পরে ফেরার ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছুটে আসা একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে চালকসহ পাঁচজনই গুরুতর আহত তখন। পরে স্থানীয় লোকজন তাদের দ্রুত উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বরিশাল যাওয়ার পথে এম্বুলেন্সেই যাত্রী বিল্লালের মৃত্যু হয়। অন্যদিকে, গুরুতর আহত মিরাজুল ইসলাম শাওনকে পটুয়াখালী হাসপাতালে নেওয়া হলে সেখানে পৌঁছানোর পর তিনিও মারা যান। 

দুর্ঘটনায় বিষয়ে আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে তবে চালক পালিয়ে  যাওয়ায় তাঁকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি