বরগুনার আমতলী উপজেলায় পাঁচ শতাধিক হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির ও হলদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম লিমন হাওলাদারের নেতৃত্বে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় আমতলী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও বরগুনা-১ আসনের মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম হুমায়ুন হাসান শাহিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহমেদ ফকির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম মামুন, সদস্য সচিব তুহিন মৃধা, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল ইসলাম জহির, পৌর বিএনপির আহ্বায়ক কবির উদ্দিন ফকির ও সদস্য সচিব জালাল আহমেদ খান। এ সময় জেলা ও উপজেলা বিএনপির নেতারা এবং হিন্দু সম্প্রদায়ের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
যোগদানকারী হিন্দু সম্প্রদায়ের তিশা রানি ও ঋষি কেশ চক্রবর্তী জানান, তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দল বিএনপিতে যোগদান করেছেন এবং ধানের শীষের প্রতি ভোট প্রদানের শপথ নিয়েছেন।
হলদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি লিমন হাওলাদার বলেন, “বিগত সময়ে তারা উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত ছিল। এবার দেশের উন্নয়নে অংশগ্রহণ করতে বিএনপির পতাকাতলে যোগ দিয়েছেন।”
উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহমেদ ফকির যোগ করেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে পাঁচ শতাধিক হিন্দু ধর্মাবলম্বী বিএনপিতে যোগ দিয়েছেন।”
যোগদান অনুষ্ঠানের আগে বিকেল ৪টা থেকে মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা উপজেলা ও জেলা বিএনপির নেতাদের সঙ্গে নিয়ে শহরে গণসংযোগ ও পথসভা করেন। এতে হাজারো দলের নেতাকর্মী অংশ নেন।





