বরিশাল প্রতিনিধি :
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের নির্দেশনায় নগরীর বিভিন্ন স্থানে অবৈধভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) দিনভর পরিচালিত এ অভিযানে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও জনসাধারণের চলাচলের পথে স্থাপিত অবৈধ দোকানপাট অপসারণ করা হয়। এতে দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা ফুটপাত ও রাস্তার জায়গা অনেকটাই দখলমুক্ত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অভিযান চলাকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা জানান, নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
এদিকে, উচ্ছেদ অভিযানের ফলে পথচারীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছিল। অভিযান পরিচালনার ফলে এখন কিছুটা হলেও স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে।
সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, অবৈধ দখলদারদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে এবং নগরবাসীর সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





