দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশে পা রেখেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। সর্বশেষ তারা এসেছিল ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে। এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেছেন ডাচরা।

\r\n

সিরিজের প্রথম ম্যাচ হবে আগামী ৩০ আগস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১ ও ৩ সেপ্টেম্বর।

\r\n

সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেন, “এটা নতুন ফরম্যাট, নতুন পরিবেশ। তবে যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে ভালো রেকর্ড থাকলে সেটা আত্মবিশ্বাস বাড়ায়।”

\r\n

তিনি যোগ করেন, “দুই দলেরই আগের স্কোয়াড থেকে অনেক পরিবর্তন এসেছে। তবে আমরা সাম্প্রতিক সময়ে ভালো খেলছি, আর সেটা আমাদের বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে।”

\r\n

বাংলাদেশ সফরের চ্যালেঞ্জ নিয়েও খোলাখুলি কথা বলেন এডওয়ার্ডস। তার ভাষায়, “সাধারণত কোনো সিরিজের আগে হাতে মাত্র দুই-তিনটি প্র্যাকটিস সেশন থাকে। আমাদের দলে এমন অনেক খেলোয়াড় আছেন, যাদের উপমহাদেশে খেলার অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করব। নতুন যারা আছে, তাদের দ্রুত মানিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। তবে এটাও সত্যি, বাংলাদেশে এসে বাংলাদেশকে হারানো সহজ নয়। অনেক দলই এখানে এসে ভুগেছে।”