ম্যাচের নিয়ন্ত্রণ হাতে রেখেও হঠাৎ তালগোল পাকিয়ে ফেলার এক অদ্ভুত অভ্যাস যেন বাংলাদেশ ক্রিকেট দলের চিরচেনা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। বড় দলের বিপক্ষে এমন পারফরম্যান্সে হয়তো কিছুটা মানিয়ে নিয়েছেন দর্শকরা, কিন্তু র‍্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সেই চিত্রই আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল টাইগাররা।

\r\n

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২০৬ রানের বিশাল লক্ষ্য দিয়েও হেরে গেছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের বোলিং ইনিংসে যেভাবে একের পর এক ভুল করেছে বাংলাদেশ, তাতে বিস্মিত সমর্থকরা। সহজ রানআউটের সুযোগ নষ্ট, অহেতুক ওভারথ্রো, ‘নো বল’ আর ফুলটস—সব মিলিয়ে যেন এক হাস্যকর দৃশ্যপট।

\r\n

জেতা ম্যাচ কীভাবে হেরে যেতে হয়—বাংলাদেশের এই ম্যাচ যেন তারই এক আদর্শ উদাহরণ।

\r\n

এই সিরিজটি আসলে আইসিসির ভবিষ্যৎ সফর সূচির (এফটিপি) অংশ নয়। মূলত পাকিস্তান সফরের প্রস্তুতির অংশ হিসেবে এই মধ্যপ্রাচ্য সফর। প্রথমে দুই ম্যাচের সিরিজ নির্ধারিত থাকলেও, দ্বিতীয় ম্যাচের আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আমিরাত ক্রিকেট বোর্ডের সমঝোতায় তৃতীয় ম্যাচ যুক্ত হয়। ফলে শারজাহতে সিরিজ গড়ায় ১-১ সমতায়, এবং শেষ ম্যাচ পরিণত হয় একরকম অঘোষিত ফাইনালে।

\r\n

র‌্যাঙ্কিং ও অভিজ্ঞতার বিচারে আরব আমিরাতের বিপক্ষে এমন প্রেশারে পড়ে যাবে বাংলাদেশ—এটা কেউই হয়তো ভাবেননি। যদিও শিশির, ফিল্ডিং কন্ডিশন বা স্বাগতিকদের সুবিধার কথা বলে ব্যর্থতার দায় এড়ানোর চেষ্টা করেছেন অধিনায়ক লিটন।

\r\n

দুই ম্যাচেই বাংলাদেশ ব্যাট হাতে তুলেছে দুই শতাধিক রান। ব্যাটারদের মধ্যে শান্ত, তাওহীদ হৃদয়, তানজীদ তামিম ভালো ছন্দে আছেন। তবে ইনজুরির কারণে দ্বিতীয় ম্যাচে খেলতে পারেননি প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ ইমন। শেষ ম্যাচে তার খেলা নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে।

\r\n

সবচেয়ে উদ্বেগের বিষয় পেস বোলিং ইউনিট। গেলো কয়েক বছর ধরে পেসারদের উন্নতি নিয়ে আলোচনা চললেও, এই সিরিজে তারা ছিলেন রীতিমতো বিবর্ণ। মোস্তাফিজুর রহমান ছাড়া কারও পারফরম্যান্সই উল্লেখযোগ্য নয়। শরিফুল ইসলাম, তানজিম সাকিব এবং উদীয়মান নাহিদ হাসানকে দাপটের সঙ্গেই খেলেছে আমিরাত ব্যাটাররা।

\r\n

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের তিক্ত অভিজ্ঞতা পেছনে ফেলতে না ফেলতেই, এবার চোখ রাঙাচ্ছে আইসিসির আরেক সহযোগী সদস্য আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হার। এখন প্রশ্ন উঠছে—টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের পতনের শেষ কোথায়?

\r\n

শেষ ম্যাচে জয় ছাড়া বিকল্প কিছু দেখছে না টাইগার শিবির। আত্মবিশ্বাস ফিরে পেতে, সমালোচনার জবাব দিতে ও সামগ্রিকভাবে সম্মান বাঁচাতে মরিয়া ফিল সিমন্সের শিষ্যরা।