বাংলাদেশে চীনের বিনিয়োগ গত কয়েক বছরে ৩০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেন, দুই দেশের অভিজ্ঞতা ও সহযোগিতা কাজে লাগিয়ে বাংলাদেশ আরও এগিয়ে যেতে পারবে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশন’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শেখ বশির উদ্দিন বলেন, “আমাদের দুর্বলতাগুলো চিহ্নিত করে সেগুলো কাটিয়ে উঠতে হবে। চীনের অভিজ্ঞতা থেকে শিখে, বিশেষ করে উৎপাদন ও প্যাকেজিং খাতে, আমরা বড় ধরনের অগ্রগতি অর্জন করতে পারি। তৈরি পোশাক শিল্পে বাংলাদেশ ইতোমধ্যেই বিশ্বে দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক, কিন্তু সামগ্রিক অর্থনীতিতে এখনও অনেক দিক থেকে পিছিয়ে।”

তিনি আরও বলেন, “সড়ক অবকাঠামো ও পরিবহন সক্ষমতা বাড়ানোর দিকেও আমাদের গুরুত্ব দিতে হবে। প্রতি বছর সড়ক দুর্ঘটনায় বিপুল সংখ্যক প্রাণহানি ঘটে, যা অত্যন্ত উদ্বেগজনক। এ পরিস্থিতি মোকাবেলায় আমরা অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক পরিবহন ব্যবস্থার জন্য অন্যতম উন্নয়ন সহযোগী চীনের কাছে সহযোগিতা চেয়েছি।”