বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সন্ধ্যায় দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে এই সতর্কবার্তা প্রকাশ করা হয়।


\r\n

সতর্কবার্তায় বলা হয়, গণমাধ্যমের তথ্য অনুযায়ী তরুণ নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তার জানাজা শনিবার (২০ ডিসেম্বর) জোহরের নামাজের পর জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হতে পারে।


\r\n

এ উপলক্ষে ওই এলাকায় এবং রাজধানীর বিভিন্ন স্থানে তীব্র যানজট ও জনসমাগমের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করে দূতাবাস। যুক্তরাষ্ট্রের নাগরিকদের উদ্দেশে বলা হয়, শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত সমাবেশও কখনো কখনো সংঘাতপূর্ণ হয়ে সহিংসতায় রূপ নিতে পারে। তাই বিক্ষোভ ও বড় ধরনের জনসমাবেশ এড়িয়ে চলতে এবং আশপাশের এলাকায় চলাচলের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।


\r\n

এদিকে ইনকিলাব মঞ্চ জানিয়েছে, শরীফ ওসমান হাদির মরদেহ শুক্রবার সন্ধ্যার দিকে ঢাকায় পৌঁছাবে। পরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে।


\r\n

শুক্রবার জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, শহীদ ওসমান হাদিকে বহনকারী বিমানটি সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। তাকে বরণ করে নিতে সবাইকে এয়ারপোর্ট থেকে শাহবাগগামী সড়কের দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

\r\n

পোস্টে আরও বলা হয়, সেখান থেকে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আনা হবে, যেখানে সাধারণ মানুষ শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।