আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান অবজারভার জানিয়েছে, পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি জাতীয় দলের বিশ্বকাপ সংক্রান্ত সব প্রস্তুতি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন।
সূত্র জানিয়েছে, পরবর্তী করণীয় সম্পর্কে পরে জাতীয় দলের টিম ম্যানেজমেন্টকে জানানো হবে। পাশাপাশি, বিশ্বকাপে পাকিস্তান অংশ না নিলে বিকল্প পরিকল্পনা কী হতে পারে, সেই বিষয়ে দল পরিচালনা বিভাগকে একটি সমান্তরাল পরিকল্পনা প্রস্তুত করতে বলা হয়েছে।
এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হলো বাংলাদেশকে ঘিরে চলমান অনিশ্চয়তা। পাকিস্তান বাংলাদেশকে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তের পূর্ণ সমর্থন জানিয়েছে এবং বাংলাদেশের নিরাপত্তা–সংক্রান্ত উদ্বেগকে ‘যুক্তিসংগত ও ন্যায্য’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।
সূত্র বলছে, যদি বাংলাদেশ সংক্রান্ত বিষয় সমাধান না হয়, পাকিস্তানও তার অবস্থান পুনর্বিবেচনা করতে পারে এবং এমনকি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও নতুনভাবে ভাবতে পারে।
এর ফলে বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ পুরো টি-টোয়েন্টি বিশ্বকাপের ওপর প্রভাব ফেলতে পারে। উল্লেখ্য, আসরটি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা, যেখানে ৭ ফেব্রুয়ারি থেকেই ম্যাচ শুরুর সূচি রয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশ ও পাকিস্তান যদি একযোগে কঠোর অবস্থান নেন, আইসিসিকে সমঝোতার পথে হাঁটতে হবে। অন্যথায়, বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ক্রিকেট নতুন কূটনৈতিক ও ক্রীড়া সংকটের মুখোমুখি হতে পারে।





