২২ বছর পর ভারতের বিপক্ষে জয় উদযাপন করলো বাংলাদেশ ফুটবল দল। ২০০৩ সালের পর দীর্ঘ প্রতীক্ষিত এই জয়ের জন্য জাতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।


প্রধান উপদেষ্টা বার্তায় বলেন, ‘এই জয় প্রতিটি বাংলাদেশিকে গর্বিত করেছে। এটি শুধুই একটি ফুটবল ম্যাচের জয় নয়, বরং লক্ষ লক্ষ তরুণ-তরুণীর জন্য অনুপ্রেরণা, যারা খেলাধুলাকে ইতিবাচক শক্তির উৎস হিসেবে দেখেন। ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এই জয় জাতি গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকার এক সুস্পষ্ট উদাহরণ।’


তিনি আরও আশা প্রকাশ করেন, ‘এই জয় বাংলাদেশের ফুটবলের গৌরবময় দিনগুলো ফিরে পেতে সহায়ক হবে।’


প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘২০২৪ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তী সরকার ফুটবলকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে, এবং আশা করি আগামী দিনের সরকারগুলোও এই ধারা অব্যাহত রাখবে।’


\r\n\r\n\r\n\r\n

মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের সি-গ্রুপের পঞ্চম ম্যাচে বাংলাদেশ ভারতকে ১-০ গোলে পরাজিত করে। দলের একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড শেখ মোরসালিন, যা দীর্ঘ দুই দশকের আক্ষেপ ঘোচাতে সমর্থ হয়।