বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান নিখোঁজ রয়েছেন। তিনি রোববার (৯ নভেম্বর) দুপুর থেকে খোঁজে পাওয়া যাচ্ছে না। সর্বশেষ তার অবস্থান মোবাইল ট্র্যাকিং অনুযায়ী রাজধানীর সায়েদাবাদ এলাকায় ওইদিন দুপুর ১২টা ৫৩ মিনিটে শনাক্ত হয়। এরপর থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ মেলেনি।
জানা গেছে, রোববার সকালে নাঈম রহমান নিয়মিত অফিসে যোগ দেন। কিন্তু দুপুর ১২টার পর তিনি নিজের ব্যাগ ও পরিচয়পত্র অফিসে রেখে বের হয়ে যান। দুপুর ১২টা ৫৩ মিনিটে তিনি সহকর্মী এক কর্মকর্তাকে শেষবার একটি বার্তা পাঠান। বার্তায় ছোট বোনের জন্য চাকরির অনুরোধ জানিয়ে লিখেছিলেন, “এটাই হয়তো আমার শেষ চাওয়া।” এই বার্তাটি থেকে ধারণা করা হচ্ছে, তিনি মানসিকভাবে চাপের মধ্যে ছিলেন।
সহকর্মীরা জানিয়েছেন, নাঈম রহমান দায়িত্বশীল ও শান্ত স্বভাবের কর্মকর্তা হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে কিছু আর্থিক ও পারিবারিক চাপের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের ঢাকা শাখার সভাপতি ও অতিরিক্ত পরিচালক মাসুম বিল্লাহ বলেন, “আমরা সবাই নাঈমের খোঁজে আছি। তিনি পরিবারের একমাত্র পুরুষ সদস্য। তার মা, স্ত্রী, কন্যা ও ছোট বোন এখন দারুণ উদ্বেগে রয়েছেন। কেউ যদি তার কোনো খোঁজ পান, অনুগ্রহ করে নিকটস্থ থানায় বা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করুন।”
ইতোমধ্যে নাঈম রহমানের নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ তার মোবাইল লোকেশন ও সম্ভাব্য যাতায়াত পথ অনুসারে অনুসন্ধান চালাচ্ছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।





