সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিতে ৪৫ দিনের সময়সীমা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গের নতুন সরকার। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর জন্য প্রয়োজনীয় জমি নির্ধারণ করে তা বিএসএফের হাতে হস্তান্তর করা হবে।
সোমবার হাওড়ার রাজ্য সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর এ ঘোষণা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদার করতে ৪৫ দিনের মধ্যেই বিএসএফকে জমি বুঝিয়ে দেওয়া হবে। এ কাজের জন্য মুখ্যসচিব এবং ভূমি ও রাজস্ব সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ ইস্যুটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও বিতর্কিত বিষয় হিসেবে আলোচনায় রয়েছে। এবারের নির্বাচনী প্রচারেও বিষয়টি গুরুত্ব পায়।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে কলকাতা হাইকোর্ট সীমান্তের নয়টি জেলায় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফকে জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছিল। আদালত সেই কাজ সম্পন্ন করতে ৩১ মার্চ পর্যন্ত সময়সীমাও নির্ধারণ করে দেয়।
নতুন সরকারের এই সিদ্ধান্তের ফলে সীমান্ত নিরাপত্তা ও জমি হস্তান্তর প্রক্রিয়া নিয়ে আবারও রাজনৈতিক ও প্রশাসনিক আলোচনা শুরু হয়েছে।





