ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) মুখ্য সংগঠক মো. হাসিবুল ইসলাম পদত্যাগ করেছেন। তিনি গত ১৯ আগস্ট সংগঠনের আহ্বায়কের কাছে পদত্যাগপত্র জমা দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হাসিবুল লেখেন, দায়িত্বকালীন সময়ে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে বাগছাসের সাংগঠনিক কার্যক্রম ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগ পরিচালনার চেষ্টা করেছেন তিনি। কোনো ভুল হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান তিনি।
হাসিবুল লিখেছেন, বাগছাস তাঁর কাছে শুধু একটি সংগঠন নয়, বরং আবেগ ও অনুভূতির জায়গা। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বাগছাস শিক্ষার্থীদের আস্থা ও ভরসার প্রতীক হয়ে থাকবে। পাশাপাশি ন্যায় ও সত্যের আন্দোলনে রাজপথে থাকার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাগছাসের প্যানেল থেকে সরে দাঁড়িয়ে স্বতন্ত্রভাবে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন হাসিবুল। যদিও বাগছাসের ঘোষিত ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে তাকে মনোনীত করা হয়েছিল, শেষ মুহূর্তে তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়ান।
হাসিবুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। সরকার পতনের পর নতুনভাবে গঠিত বাগছাসের ঢাবি শাখায় তিনি মুখ্য সংগঠকের দায়িত্ব পান।





