বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করেছেন।
সোমবার (৮ ডিসেম্বর) গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমদু চৌধুরীর হাতে ফুল দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দলটির সঙ্গে যুক্ত হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে তিনি ধানের শীষ প্রতীকে লড়বেন বলে জানা গেছে।
যোগদানের সময় শাহাদাত হোসেন সেলিম বলেন, “ছাত্রদল থেকেই আমার রাজনীতি শুরু। পরে চট্টগ্রাম বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে কাজ করেছি। যদিও এক সময় বিএনপি ছেড়ে থাকতে হয়েছে, হৃদয়ে সবসময় বিএনপি রেখেছি। ২০১২ সালের পর থেকে বিএনপির সঙ্গে প্রত্যক্ষভাবে রাজনীতি করছি।” তিনি বিএলডিপির নেতাকর্মীদের বিএনপিতে মূল্যায়ন করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা যুগপথ আন্দোলন করেছি, তার মধ্যে বিএলডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে স্বৈরশাসকের পতন ঘটিয়েছি। আগামী নির্বাচনে ধানের শীষের মার্কায় শাহাদাত সেলিমকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমাদের সবাইকে তাকে নির্বাচনে জয়ী করতে হবে।”
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, “শাহাদাত হোসেন সেলিম দীর্ঘদিন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। ১২ দলীয় জোট থেকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। আজ তিনি বিএনপিতে যোগ দিয়েছেন, লক্ষীপুর জেলার পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই।”
চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেন, “এক সময়ে শাহাদাত হোসেন সেলিম বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন এবং ছাত্রদলের মাধ্যমে রাজনীতি শুরু করেছিলেন।”





