নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোট প্রার্থী আবদুল হান্নান মাসউদের নেতৃত্বে লাঠি মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলার ওছখালী শহরে এই মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে অংশ নেওয়া দলের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাহবুবুর রহমান শামীমের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
একই দিনে তমরুদ্দি ইউনিয়নের তালতলা এলাকায় অবস্থিত এনসিপির নির্বাচনী অফিসেও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় একজন কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
এনসিপির প্রার্থী আবদুল হান্নান মাসউদ অভিযোগ করেন, ‘আলাউদ্দিন বাবু, যিনি আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ৫ আগস্টের পর তিনি পালিয়ে গিয়েছিলেন। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপির প্রার্থী তার আশ্রয় নেয়া কিছু সন্ত্রাসীকে ব্যবহার করে আমার নির্বাচনী অফিসে ভাঙচুর চালিয়েছে। এটি নির্বাচনের কার্যক্রম ব্যাহত করার চেষ্টা।’
অন্যদিকে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাহবুবুর রহমান শামীমের প্রধান নির্বাচনী এজেন্ট ও জেলা বিএনপির সদস্য মো. আলাউদ্দিন রনি বলেন, ‘হাতিয়ায় আওয়ামী লীগের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে এনসিপি। তারা আমাদের নেতাকর্মীদের ওপর ফেরিতে হামলা চালিয়েছে এবং লাঠি মিছিল করেছে। এছাড়া বিএনপির নির্বাচনী কার্যালয়ে হামলা ও প্রার্থীর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তারা এলাকায় ত্রাস সৃষ্টি করে সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়ায় বাধা দিতে চায়। আমরা চাই আইনের শাসন নিশ্চিত হোক এবং দ্রুত এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হোক।’
হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও অফিস ভাঙচুরের বিষয়টি তাদের জানা আছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





