শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন তারেক রহমান। গুলশানে দলের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে রাত সাড়ে ১০টার পর সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী তিনি ইতিমধ্যে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় স্থায়ী কমিটি সন্তোষ প্রকাশ করেছে। পাশাপাশি চেয়ারম্যান হিসেবে তাঁর সফলতা কামনায় সবাই দোয়া করেছেন।
গত ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি আজকের বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে দলের সর্বোচ্চ পদে দায়িত্ব দেয়। খালেদা জিয়ার মৃত্যুর ১০ দিনের মাথায় এই সিদ্ধান্ত নেওয়া হলো।
বৈঠকে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমদ ও এ জেড এম জাহিদ হোসেন।
তারেক রহমানের রাজনীতিতে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৯৮৮ সালে। সে সময় বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সদস্য হিসেবে তাঁর নাম তালিকাভুক্ত হয়। ২০০১ সালের জাতীয় নির্বাচনের সময় থেকে জাতীয় রাজনীতিতে তাঁর ভূমিকা স্পষ্ট হয়ে ওঠে। ওই নির্বাচনে দলের কৌশল নির্ধারণ ও মাঠপর্যায়ে সংগঠন শক্তিশালী করতে তিনি সক্রিয় ভূমিকা রাখেন।
২০০২ সালে তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হন। পরে ২০০৯ সালে দলের পঞ্চম জাতীয় সম্মেলনে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
২০০৭ সালের ১১ জানুয়ারির রাজনৈতিক পটপরিবর্তনের পর ৭ মার্চ তারেক রহমান গ্রেপ্তার হন। প্রায় ১৮ মাস কারাবাসের পর ২০০৮ সালের সেপ্টেম্বরে উচ্চ আদালত থেকে জামিন পেয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। লন্ডনে অবস্থানকালে ২০১৮ সালে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া কারাবন্দি হলে তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করা হয়। যুক্তরাজ্য থেকেই তিনি প্রযুক্তির মাধ্যমে দল পরিচালনা এবং নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন।
দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরেন। এদিন বিমানবন্দর থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন সড়কে নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। পরে তিনি পূর্বাচলে আয়োজিত একটি বড় সংবর্ধনায় অংশ নেন।





