রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুকে শুভেচ্ছা জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সংসদ প্রার্থী মুহাম্মদ সাঈদ নোমান।
সোমবার (৩ নভেম্বর) রাতে নোমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে এই শুভেচ্ছা জানান।
তিনি লিখেছেন, “আমার সংসদীয় আসন রাজশাহী-২ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মিজানুর রহমান মিনু ভাইয়ের নাম ঘোষণা করেছে। এবি পার্টির পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি, মুহাম্মদ সাঈদ নোমান, এবি পার্টির মনোনীত প্রার্থী হিসেবে রাজশাহী-২ (সদর) আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব এবং সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণ, উন্নয়নমুখী ও গৌরবময় নজির স্থাপন করব, ইনশাআল্লাহ।”
সচেতন রাজনৈতিক মহল ও সাধারণ ভোটাররা এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, এমন ভদ্র ও সৌহার্দ্যমূলক আচরণই পরিপক্ব রাজনীতির সঠিক দৃষ্টান্ত।





