আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৯২টি আসনে প্রার্থী দিয়েছে। এর মধ্যে ২৩৭ জন প্রার্থী ন্যূনতম স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন।

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমীন।

তিনি বলেন, বিএনপির সব প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রার্থীদের মধ্যে ৮৫ জনের সংসদ সদস্য হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এবং ১৯ জন বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন।

মাহাদী আমীন বলেন, রাষ্ট্র পরিচালনায় অতীত অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততার কারণে বিএনপির প্রার্থীরা অন্যদের তুলনায় এগিয়ে। শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও দলের প্রার্থীদের একটি স্বতন্ত্র অবস্থান রয়েছে।

তিনি জানান, বিএনপি এবার ১০ জন নারী প্রার্থীকে মনোনয়ন দিয়েছে, যা নারীর ক্ষমতায়নের প্রতি দলের অঙ্গীকারের প্রতিফলন। ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে মাহাদী আমীন অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দলের প্রার্থী ও সমর্থকরা ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের পোস্ট ও ভিডিও নজরে এসেছে বলে তিনি দাবি করেন।

তার ভাষ্য অনুযায়ী, ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে ভোট চাওয়ার চেষ্টা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৭(১)(ঘ) অনুচ্ছেদের লঙ্ঘন এবং এটি আইন অনুযায়ী ‘অসৎ প্রভাব বিস্তার’ হিসেবে শাস্তিযোগ্য অপরাধ।

তিনি এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।