নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির অফিস ভাড়া চাওয়ায় জাহাঙ্গীর ভূঁইয়া (৫৭) নামে এক দোকানমালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের একটি বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীরের ছেলে রাসেল অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে তার বাবার দোকান ভাড়া নিয়ে স্থানীয় বিএনপি নেতারা সেখানে দলীয় অফিস চালাচ্ছিলেন। সকালে বকেয়া ১০ হাজার টাকা ভাড়া চাইতে গেলে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার (৭০), তার ছেলে খোকন (৩৫), রাসেল (৩০), বেনু হাজির ছেলে আলম (৪৫), সাদ্দাম (৩৫)সহ ৬–৭ জন তাকে পার্টি অফিসে ধরে নিয়ে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, গত বছরের ৫ আগস্টের পর থেকে দোকানটি বিএনপির অফিস হিসেবে ব্যবহার হচ্ছিল। এটি বিএনপির কেন্দ্রীয় সহ-অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসারীদের পরিচালিত বলে এলাকাবাসীর ধারণা।

সকালে ভাড়া চাইতে গেলে তোতা মেম্বার বলেন, “বিএনপির অফিসের জন্য কীসের ভাড়া?” এসময় কথা কাটাকাটির একপর্যায়ে জাহাঙ্গীর তোতা মেম্বারকে ধাক্কা দিলে তার অনুসারীরা ক্ষিপ্ত হয়ে তাকে পার্টি অফিসে নিয়ে গিয়ে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, “ঘটনাস্থলে কয়েকটি দোকান মিলে একটি অফিস করা হয়েছিল। এর মধ্যে একটি দোকান ছিল জাহাঙ্গীর ভূঁইয়ার মালিকানাধীন। ভাড়া চাওয়াকে কেন্দ্র করে সেখানে মারধরের ঘটনা ঘটে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।”

অভিযোগ প্রসঙ্গে জানতে কেন্দ্রীয় বিএনপি নেতা মাহমুদুর রহমান সুমনের মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি সাড়া দেননি।