জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেছেন, বিএনপি জুলাই সনদ লঙ্ঘন করে জাতীয় সংসদ কার্যক্রম শুরু করেছে।


বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরের মুক্তমঞ্চে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।


সারজিস আলম বলেন, বিএনপি আগামীতে জনগণকে কোনো ইতিবাচক বার্তা দিতে পারেনি। জুলাই সনদ অনুযায়ী, স্পিকার সরকারি দল থেকে হলেও ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়া উচিত ছিল। কিন্তু বিএনপি সমর্থিত সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালকে ডেপুটি স্পিকার করার মাধ্যমে এই অঙ্গীকার ভঙ্গ করা হয়েছে। তিনি আরও বলেন, বর্তমান সরকার ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংসদ কার্যক্রম শুরু করেছে। স্বৈরাচারী ব্যবস্থার প্রভাব ধরে এই পথচলা শুরু হওয়ায় এটি দুঃখজনক ও মর্মাহত হওয়ার মতো ঘটনা।


এর আগে অনুষ্ঠানে কিশোরকণ্ঠ পাঠক ফাউন্ডেশন পঞ্চগড় জেলার চতুর্থ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি পরীক্ষার বিজয়ীদের হাতে ল্যাপটপ, বাইসাইকেল, ক্রেস্ট ও সনদ বিতরণ করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ও কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মো. ইব্রাহিম, জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন এবং জেলা কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাশেদ ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।