বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে ঢাকায় নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমি সৌজন্য বৈঠক করেছেন। মঙ্গলবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে কূটনৈতিক মহলের ধারণা, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির অবস্থান নিয়েই আলোচনা হয়েছে।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্ভবত তার জীবনের শেষ নির্বাচন হতে পারে। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী করেছে। আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ দলের সব নেতা-কর্মীর প্রতি কৃতজ্ঞ।”
তিনি আরও লেখেন, “আমরা যারা সারা জীবন রাজনীতি করেছি, জেল খেটেছি, তাদের প্রত্যেকেরই একটা গল্প আছে। আমার মেয়েরা ছোটবেলায় মাকে সঙ্গে নিয়ে বড় হয়েছে, আমি তখন আন্দোলনের পথে ছিলাম। এসব গল্প কোনো একদিন হয়তো বলব।”
মনোনয়ন না পাওয়া নেতাদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “বিশ্বাস রাখুন, ইনশা আল্লাহ, দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে। আপনারা দোয়া করবেন, আমরা সবাই মিলে দেশের জন্য কাজ করব। বিএনপির সেই যোগ্যতা আছে, দেশকে মর্যাদার সঙ্গে এগিয়ে নেওয়ার।”





