কিশোরগঞ্জের মিঠামইনে বেড়িবাঁধের ওপর লাগানো প্রায় ২০টির বেশি গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর মিঠামইন উপজেলা সভাপতি।

স্থানীয় সূত্র জানায়, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদ সদস্য থাকাকালে নদীভাঙন রোধে বেড়িবাঁধে গাছ রোপণ করা হয়। ওই গাছগুলো দীর্ঘদিন ভাঙন প্রতিরোধে ভূমিকা রাখছিল। অভিযোগ রয়েছে, ব্যক্তিগত গাড়ি নিয়ে বাড়িতে প্রবেশের সুবিধার্থে তিনি ধাপে ধাপে গাছগুলো কেটে ফেলেন।

সরেজমিনে দেখা যায়, বৈদ্যুতিক করাত দিয়ে গাছ কেটে ফেলা হয় এবং চিহ্ন মুছে ফেলার জন্য গাছের গুঁড়ি অন্যত্র সরিয়ে নেওয়া হয়। স্থানীয়রা জানান, প্রভাবশালী হওয়ায় কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না।

তবে অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর বলেন, গাছ ও জায়গা সরকারি নয়। এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানায়, গাছগুলো তাদের তত্ত্বাবধানে রোপণ করা হয়েছিল। বিষয়টি জানার পর গাছের গুঁড়ি জব্দ করা হয়েছে এবং মামলা করার প্রস্তুতি চলছে।