চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলায় হকিস্টিক দিয়ে পিটিয়ে মুহাম্মদ আজিজুল হক নামে বিএনপির এক নেতার হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাট বাজারের মাদানী মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী দাবি করেছেন, মাগরিবের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি মারধর করে।
আহত আজিজুল হক (৫৫) ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, চট্টগ্রাম জেলা কৃষক দলের সদস্যসচিব, স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের পরিচালক এবং স্বেচ্ছাসেবী সংগঠন গাউছিয়া কমিটির উপজেলা শাখার সহসভাপতির দায়িত্ব পালন করছেন।
পরিবারের সদস্য ও দলীয় সূত্রে জানা যায়, চারটি মোটরসাইকেলে ৭-৮ জন দুর্বৃত্ত হামলায় অংশ নেয়। তারা হকিস্টিক দিয়ে পিটিয়ে আজিজুল হকের দুই হাত ও পা ভেঙে দেয় এবং পরে মোটরসাইকেলযোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এর আগে, একইদিন বিকেলে ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরেও তার ওপর হামলার চেষ্টা করা হয়েছিল।
হাসপাতেলে চিকিৎসাধীন আজিজুল হক সাংবাদিকদের বলেন, তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকারের ঘনিষ্ঠ। রাজনৈতিক বিরোধের জেরে একই দলের এক পক্ষ তার ওপর হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি। তার ভাষায়, হামলাকারীরা তাকে রাজনীতি ছাড়ার হুমকি দিয়েছে এবং তিনি তাদের চিনেন। তিনি এ ঘটনায় মামলা করবেন বলেও জানান।
এ বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, তারা এ ধরনের একটি ঘটনার খবর পেয়েছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি বলে জানান তিনি।





