বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সরকারের সময় দেশে প্রতিবারই দুর্নীতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। তিনি উল্লেখ করেন, স্বাধীনতার পর বিভিন্ন দেশ থেকে আসা সহায়তা দুর্নীতির কারণে কিভাবে নষ্ট হয়েছিল, তা সবার জানা। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে শুধু খাদ্য উৎপাদন বৃদ্ধি করেননি, অল্প পরিমাণ হলেও দেশের খাদ্য রফতানি শুরু করেছিলেন।


মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচীর তৃতীয় দিনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।


তারেক রহমান বলেন, শেখ হাসিনার শাসনামলের প্রথম তিন বছরে বাংলাদেশ দুর্নীতির শীর্ষে ছিল। ২০০১ থেকে ২০০৫ সালের মধ্যে বিএনপি, খালেদা জিয়ার নেতৃত্বে কীভাবে দেশকে ধীরে ধীরে দুর্নীতির তকমা থেকে মুক্ত করেছিল, তা স্বাধীন সংস্থার জরিপের মাধ্যমে প্রমাণিত।


তিনি আরও বলেন, বিএনপি দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় ট্র্যাক রেকর্ড রাখে। বর্তমান সরকারের অনুমতি ছাড়া দুর্নীতি তদন্ত করতে হয়, কিন্তু বিএনপি সরকারে থাকলে দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে তদন্ত করতে পারবে।


দেশের আইনশৃঙ্খলা রক্ষার প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি দলের নেতাকর্মীদের আহ্বান জানান, দেশে আইনশৃঙ্খলা নিশ্চিত করতে কঠোর হতে হবে। ক্ষমতায় থাকাকালীন কোনো নেতা বা কর্মী অপরাধ করলে আইন অনুযায়ী বিচারের আওতায় আনা হবে, কাউকেই বিশেষ সুবিধা দেওয়া হবে না।


তারেক রহমান উদাহরণ হিসেবে তালপট্টি উল্লেখ করে বলেন, সেখানে বিএনপি অধিকার প্রতিষ্ঠা করেছিল। আন্তর্জাতিক অঙ্গনে দেশে পানির হিস্যা রক্ষা করা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করা বিএনপির মূল দায়িত্ব।


কৃষকদের জন্য পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, দেশের ৪ কোটি পরিবারের মধ্যে সবচেয়ে বঞ্চিত পরিবারের মা ও বোনদের অগ্রাধিকার ভিত্তিতে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে। পরে অন্যান্য পরিবারের নারীরাও এর সুবিধা পাবেন।


তরুণদের জন্য পরিকল্পনা নিয়ে তিনি বলেন, স্কুল, কলেজ, রেলস্টেশন ও এয়ারপোর্টসহ বিভিন্ন এলাকায় ফ্রি ইন্টারনেট সম্প্রসারণ করা হবে। জেলা ও বিভাগ পর্যায়ে ভাষা শিক্ষার জন্য ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন করা হবে এবং শিক্ষা কারিকুলামে অতিরিক্ত ভাষা অন্তর্ভুক্ত করা হবে, যাতে শিশুদের পছন্দের ভাষা শেখার সুযোগ থাকে।


নারী শিক্ষার গুরুত্বের ওপর জোর দিয়ে তিনি বলেন, দেশের অর্ধেক জনসংখ্যা নারী। ক্ষমতায় এলে নারীদের শিক্ষিত ও স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা হবে। সমগ্র দেশকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলাই বিএনপির লক্ষ্য।


অনুষ্ঠানে তারেক রহমানের বক্তব্যের শুরুতে ‘দুর্নীতিতে বিএনপি পাঁচবার চ্যাম্পিয়ন’—আওয়ামী লীগের অপপ্রচারের বিরুদ্ধে একটি ভিডিওও প্রদর্শন করা হয়।