ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ব্যবসায়ী পেশায় রয়েছেন। সম্প্রতি দাখিল করা নির্বাচনী হলফনামা অনুযায়ী, তার ব্যক্তিগত সম্পদ ৩ কোটি ৯০ লাখ ৩১ হাজার ৬৭ টাকা এবং বছরের আয় ৪৭ লাখ ৩৬ হাজার ৫৪ টাকা। সহধর্মিণী পারভীন আক্তার চৌধুরীর সম্পদ ৩ কোটি ৪ লাখ ৭৯ হাজার ৬৭ টাকা, বছরে আয় ২৩ লাখ ১ হাজার ৩৬৮ টাকা।
\r\nহলফনামায় উল্লেখ করা হয়, এ্যানি চৌধুরী চৌধুরী এসএস কোম্পানি, রি রয়েল প্রোপার্টিজ ও মেসার্স বিইউ চৌধুরী অটো ফ্লাওয়ার মিলসের মালিক এবং রাইট গার্মেন্টস লিমিটেড, এগ্রো এনার্জি (প্রা.) লিমিটেড ও টিপ্পানি মার্বেল বিডি লিমিটেডের পরিচালক। তার স্ত্রী পারভীন আক্তার চৌধুরীও ব্যবসায়ী; তিনি সাবরান এসএস কোম্পানির মালিক ও ইনবিল্ড রিয়েল এস্টেট লিমিটেডের পরিচালক।
\r\nহলফনামা অনুযায়ী, এ্যানি চৌধুরীর নামে ৬০টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় তিনি খালাস পেয়েছেন, কিছু মামলায় কার্যক্রম স্থগিত আছে এবং কয়েকটি মামলা বিচারাধীন। এছাড়া অস্থাবর সম্পদ হিসেবে তার কাছে নগদ ৯৬ হাজার ৭৮১ টাকা, বিভিন্ন ব্যাংকে প্রায় ৫ কোটি ৩ লাখ টাকা, শেয়ার ও বিজনেস ক্যাপিটাল প্রায় ৩১ লাখ ৭১ হাজার ৪১০ টাকা রয়েছে। তার গাড়ি, স্বর্ণ ও আসবাবপত্রের মূল্য মিলিয়ে মোট অস্থাবর সম্পদের বর্তমান মূল্য প্রায় ৫ কোটি ৩৬ লাখ টাকা।
\r\nস্থাবর সম্পত্তি হিসেবে তার নামে লক্ষ্মীপুরে ও ঢাকায় মোট প্রায় ৪০ লাখ টাকার জমি, আবাসিক ভবনের অংশ মালিকানা এবং বাণিজ্যিক গোডাউন রয়েছে। দায়ের মধ্যে ব্যক্তিগত ঋণ ও ব্যাংক লোন মিলিয়ে প্রায় ৩ কোটি ৫৬ লাখ টাকা।
\r\nএ্যানি চৌধুরী’র আয়ের উৎসে উল্লেখ করা হয়েছে, স্থাবর সম্পত্তি থেকে ৩০ লাখ টাকা, ব্যবসা থেকে ১৬ লাখ টাকা, ব্যাংক আমানত থেকে ১৬ হাজার টাকা এবং উত্তরাধিকার সূত্রে জমি বিক্রি থেকে ৩৫ লাখ টাকা আয় হয়েছে। তিনি সবশেষ ৯ লাখ ৮৬ হাজার টাকা এবং তার স্ত্রী ৩ লাখ ২০ হাজার টাকা আয়কর দিয়েছেন।





