মেহেরপুর সদর উপজেলার কালোগাঙনী গ্রামে বিএনপির দুই পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনায় মফেজ আলী (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঘোনার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত মফেজ আলী ওই গ্রামের জামাল আলীর ছেলে।
স্থানীয়রা জানান, রাতে ঘোনার মোড়ে একটি চায়ের দোকানে ইউপি সদস্য কাসেম আলী ও বিএনপি কর্মী সাবদার আলীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় পাশে থাকা কৃষক মফেজ আলীও সংঘর্ষে জড়িয়ে পড়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে সদর থানা পুলিশ, ডিবি পুলিশ ও র্যাব ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন—শুকুর আলীর ছেলে জিনারুল ইসলাম, সাবদার আলী এবং তার ছেলে হাসানুজ্জামান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, কীভাবে মফেজ আলীর মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।







