বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি মূলত মুক্তিযুদ্ধের দল। ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। “মেজর জিয়া বলছি” বলে তিনি কালুরঘাট কেন্দ্র থেকে সেই ঘোষণা করেছিলেন। তার মাধ্যমে মুক্তিযুদ্ধ শুরু হয় এবং আমরা ৯ মাস যুদ্ধ করেছি।
ফখরুল বলেন, কেউ আমাদের ইতিহাস অস্বীকার করতে চাইলে আমরা তা মেনে নেব না। আমাদের জন্ম, স্বাধীনতার জন্য লড়াই, ২৪ ও জুলাই কিংবা ১৯৭১ সালের ঘটনাগুলো আমরা কখনও অস্বীকার করতে পারি না।
তিনি আরও বলেন, রাজনৈতিক কিছু দল দেশের মানুষকে সঠিক পথে কখনও নিয়ে যায়নি। ১৯৭১ সালে আমরা যখন যুদ্ধ করছিলাম, তখন অনেকে ভারতে চলে গিয়েছিল। যারা দেশে ছিল, তারা কষ্টে ছিল, আর যারা ভারতে গিয়েছিল তারা ক্যাম্পে ছিলেন। তবে তারা মুক্তিযুদ্ধের সমর্থন করেনি; বরং পাকিস্তানি বাহিনীর সঙ্গে ছিলেন। এই ধরনের যাদের কাজ জনগণের সঙ্গে ছিল না, তাদেরকে কি আমরা সমর্থন করতে পারি?
ফখরুল উল্লেখ করেন, বিএনপি নেতা তারেক রহমান ১৫ মাসে এক কোটি মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। অনেক যুবক-যুবতী কাজ না থাকার কারণে জুয়া, মাদক বা অন্য নেতিবাচক পথে চলে যাচ্ছে। এটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মহাসচিব বলেন, আমরা চাই বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ হোক। কোনো অশান্তি বা ঘৃণা ছড়ানো হবে না। হিন্দু হিন্দু ধর্ম পালন করবে, মুসলমান মুসলিম, বৌদ্ধ বৌদ্ধ, খ্রিস্টান খ্রিস্টান। এটি তাদের স্বাধীনতা ও অধিকার। আমরা চাই সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে, যেখানে ভবিষ্যৎ প্রজন্ম একটি উন্নত ও ভালো দেশ পাবেন।





