নেপাল সফর শেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ (বৃহস্পতিবার) বিকেল ৩টার দিকে দেশে ফিরতে পারে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। দলটি বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে করে ফিরছে।
আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, কাঠমান্ডু থেকে দলটি ফিরিয়ে আনতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজ আজ দুপুর ১১টা ৫৩ মিনিটে ঢাকার বিমানঘাঁটি থেকে নেপালের উদ্দেশে রওনা দেয়। সবকিছু ঠিক থাকলে বিকেল ৩টার দিকে বিমানটি আবার ঢাকায় অবতরণ করবে।
এর আগে, বৃহস্পতিবার সকালে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ দল। এই প্রত্যাবর্তনের সমন্বয় করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ সরকার।
শুধু ফুটবলার ও কোচিং স্টাফই নয়, নেপালে গিয়ে ম্যাচ কাভার করা সাংবাদিকরাও একই বিমানে দেশে ফিরছেন।
বাংলাদেশ দল এশিয়ান কাপ বাছাই পর্বকে সামনে রেখে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে গত সপ্তাহে নেপাল সফরে গিয়েছিল। প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হলেও দ্বিতীয় ম্যাচটি অনিশ্চয়তায় পড়ে নেপালের রাজনৈতিক অস্থিরতার কারণে।
৮ সেপ্টেম্বর থেকে কাঠমান্ডুতে শুরু হয় বিক্ষোভ ও সংঘর্ষ, যা একপর্যায়ে সরকার পতনের দাবিতে রূপ নেয়। নিরাপত্তাজনিত কারণে ৯ সেপ্টেম্বর থেকে নেপালে বিমান চলাচল বন্ধ হয়ে গেলে, দেশে ফেরার পূর্বনির্ধারিত টিকিট থাকলেও হোটেলবন্দি হয়ে পড়েন জামাল ভূঁইয়ারা।
বিশেষ ফ্লাইটের মাধ্যমে অবশেষে খেলোয়াড়, কোচিং স্টাফ ও সাংবাদিকদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা নেয়া হয়েছে।





