বিজয়ের মাসে আবার বড়পর্দায় ফিরছে একাত্তরের দুঃসহ সময়কে ঘিরে নির্মিত সিনেমা ‘নকশী কাঁথার জমিন’। দুই নারীর বেদনা, প্রতিরোধ আর টিকে থাকার গল্প নিয়ে আকরাম খান পরিচালিত এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।
জয়া আহসান নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ প্রদর্শনীর খবরটি জানিয়েছেন। তার পোস্ট অনুযায়ী, আগামী ২০ ডিসেম্বর বিকাল সাড়ে ৫টায় রাজধানীর রাশিয়ান কালচারাল সেন্টারে সিনেমাটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানিয়েছে, হল ভাড়া ও আনুষঙ্গিক খরচ নির্বাহের জন্য টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। শিক্ষার্থীদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা এবং সাধারণ দর্শকদের জন্য ২০০ টাকা।
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের বিখ্যাত গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে নির্মিত ‘নকশী কাঁথার জমিন’-এ মুক্তিযুদ্ধকালীন বাস্তবতা ও মানবিক ট্র্যাজেডি তুলে ধরা হয়েছে সংবেদনশীলভাবে। সিনেমাটিতে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি। দুই ভাইয়ের চরিত্রে রয়েছেন ইরেশ যাকের ও রওনক হাসান। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।
উল্লেখ্য, সিনেমাটি এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে। ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে। এছাড়া ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) আইসিএফটি-ইউনেসকো গান্ধী মেডেলের জন্য মনোনয়ন পেয়েছিল ‘নকশী কাঁথার জমিন’।
বিজয়ের মাসে মুক্তিযুদ্ধভিত্তিক এই সিনেমার বিশেষ প্রদর্শনী দর্শকদের জন্য বাড়তি আগ্রহ তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





