ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় মাস উদযাপনে ঐতিহ্যবাহী আলোকসজ্জা ও সৌন্দর্যবর্ধনের অভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ডাকসু), ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। তারা বলেছে, ডিসেম্বরের প্রথম দিন থেকেই মুক্তিযুদ্ধের গৌরবগাথা স্মরণে প্রশাসনের নিষ্ক্রিয় অবস্থান বিশ্ববিদ্যাaলয়ের ঐতিহ্য ও ইতিহাসকে অবমাননা করছে এবং শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে।

বুধবার সন্ধ্যায় দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক লিখিত বিবৃতিতে ঢাবি ছাত্রদল জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের স্বাধীনতা সংগ্রামের সূতিকাগার এবং প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের কেন্দ্রস্থল। বিজয় মাসে প্রাতিষ্ঠানিকভাবে আয়োজন করার দীর্ঘ দিনের ঐতিহ্য থাকলেও এবার কলাভবন, কার্জন হলসহ গুরুত্বপূর্ণ ভবনগুলোতে কোনো আলোকসজ্জা বা আনুষ্ঠানিকতা দেখা যায়নি। এ জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের ‘দৃষ্টিকটু’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ মনোভাবের প্রতি তারা ক্ষোভ প্রকাশ করেছে।

ছাত্রদল ডাকসুর বিতর্কিত কিছু প্রতিনিধির আচরণ ও মন্তব্যকেও তীব্র সমালোচনা করেছে। তারা জানিয়েছে, ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমার সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অংশ এবং তা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানসহ সকল গণতান্ত্রিক আন্দোলনের চেতনায় আঘাত করেছে।

ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান।