মহান বিজয় দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ঢাকার বুড়িগঙ্গা নদীতে একশটি নৌকা নিয়ে নৌ র্যালি আয়োজন করেছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া র্যালিতে প্রায় সাত শতাধিক নেতাকর্মী অংশ নেন। র্যালিটি শ্যামবাজার ঘাট থেকে শুরু হয়ে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত প্রদক্ষিণ করে আবার শ্যামবাজার ঘাটে এসে শেষ হয়।
লাল-সবুজ টি-শার্ট পরিহিত এবং হাতে জাতীয় পতাকা নিয়ে র্যালিতে অংশগ্রহণকারীরা ‘বিজয় দিবস সফল হোক’, ‘নদী বাঁচলে বাঁচবে দেশ’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘এক হাদি হাসপাতালে, লক্ষ হাদি ঘরে ঘরে’ ও ‘ইসলামী ছাত্রশিবির জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেন। এসময় শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী ও শাখা শিবির সভাপতি মো. রিয়াজুল ইসলাম, জিএস প্রার্থী ও শাখা শিবির সেক্রেটারি আব্দুল আলিম আরিফ এবং এজিএস প্রার্থী মাসুদ রানা সহ অন্যান্য প্রার্থীরাও অংশ নেন।
র্যালি শেষে ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম বলেন, “স্বাধীনতা যুদ্ধের গৌরবময় ইতিহাস স্মরণে আমরা বিজয় দিবসে এই ব্যতিক্রমধর্মী র্যালি আয়োজন করেছি। এর মাধ্যমে পুরো জাতিকে নদী রক্ষা ও সংরক্ষণে সচেতন করার বার্তা দিতে চাই।”
তিনি আরও জানান, “আজ বুড়িগঙ্গাসহ দেশের সব নদী দখল ও দূষণের কারণে প্রায় মৃতপ্রায়। তিস্তা, ফেনীসহ বড় নদীগুলো ভারতের কার্যক্রমের শিকার হয়েছে। নদীর ন্যায্য পানি ব্যবহার নিশ্চিত করতে আমাদের দাবি রয়েছে। এছাড়া ভারতের কিছু নেতার মন্তব্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ।”





