বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, এবারের নির্বাচন টেন্ডারবাজি, বোমাবাজি, চাঁদাবাজি ও ভূমিদস্যুসহ নানা অপরাধের বিরুদ্ধে একটি লড়াই। তিনি আশা প্রকাশ করে বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচন হবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য। সে নির্বাচনে জনগণ কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
\r\nশুক্রবার (২ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের জালালপুর গ্রামে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
\r\nরুমিন ফারহানা বলেন, কেউ যদি মনে করে জোর করে রাজনীতি করা যাবে, তাহলে তা ভুল ধারণা। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বাবার পথে হাঁটছি বলে তিনি নীরব থাকবেন—এমন ভাবার সুযোগ নেই। ১৯৭৩ সালে তার বাবার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এবার তার বিজয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। ভয়ভীতি দেখিয়ে নেতাকর্মী বা ভোটারদের দমিয়ে রাখার চেষ্টা করলে তার জবাব দেওয়া হবে বলেও জানান তিনি।
\r\nত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হাঁস’ প্রতীকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করে রুমিন ফারহানা ভোটারদের উদ্দেশে বলেন, তিনি এলাকার একজন সন্তান। ভোটাররা তাকে নির্বাচিত করলে তিনি তাদের কথা সবচেয়ে খোলামেলাভাবে শোনার সুযোগ দেবেন বলেও আশ্বাস দেন।
\r\nতিনি আরও বলেন, সরাইল ও আশুগঞ্জসহ বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তী ইউনিয়ন নিয়ে তার স্বপ্ন রয়েছে। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে এসব এলাকাকে একটি শান্তিপূর্ণ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে চান তিনি।
\r\nমতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





