নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং বুধবার (২২ এপ্রিল) পদত্যাগ করেছেন। অর্থ পাচারের অভিযোগে তদন্তাধীন ব্যবসায়ী দীপক ভট্ট-এর সঙ্গে তাঁর কথিত ব্যবসায়িক সম্পর্ক ঘিরে সাম্প্রতিক বিতর্কের পর তিনি এ সিদ্ধান্ত নেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন গুরুং। তিনি জানান, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা এবং পদে থেকে তদন্ত প্রক্রিয়ায় কোনো প্রভাব না ফেলতেই তিনি দায়িত্ব ছাড়ছেন। পদত্যাগ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
পদত্যাগের ঘোষণায় গুরুং বলেন, শেয়ারসহ তাঁর বিভিন্ন বিনিয়োগ নিয়ে জনমনে যে প্রশ্ন উঠেছে, তা তিনি গুরুত্বের সঙ্গে দেখছেন। তাঁর মতে, পদের চেয়ে নৈতিকতা বড় এবং জনগণের আস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, দেশে চলমান “জেনারেশন জেড” আন্দোলন সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহির দাবি জোরালো করছে। রাষ্ট্রের দায়িত্বে থাকা ব্যক্তিদের জীবন কলঙ্কমুক্ত হওয়া উচিত এবং নেতৃত্বকে জবাবদিহিমূলক হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে, দীপক ভট্টের সঙ্গে সম্পর্কের অভিযোগ নিয়ে সমালোচনার মুখে পড়ে গুরুং তদন্তে সহযোগিতার আশ্বাস দেন। গত সোমবার এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, তাঁর বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে এবং আবেগ নয়, প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত। তিনি দলের যেকোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার কথাও জানান।





