রাশেদুল ইসলাম জেলা প্রতিনিধি, সিলেট
সিলেটে বিদেশ পাঠানোর নামে ৪৫ লাখ টাকা প্রতারণার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল করিমকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত আব্দুল করিম ওসমানীনগর উপজেলার খাপন গ্রামের আব্দুল্লাহর ছেলে।

মামলার নথিসূত্রে জানা যায়, আব্দুল করিম সিলেটের বিশ্বনাথ উপজেলার জানাইয়া নোয়াগাঁও গ্রামের বাসিন্দা মামলার বাদী মো. রাজু মিয়ার কাছ থেকে জেরন গ্রুপের মাধ্যমে স্পাউজ ভিসায় যুক্তরাজ্যে পাঠানোর কথা বলে প্রতিশ্রুতি দেন। এ জন্য তিনি কয়েক দফায় রাজু মিয়ার কাছ থেকে ৪৫ লাখ টাকা গ্রহণ করেন। কিন্তু টাকা নেওয়ার পর তিনি নানা টালবাহানা শুরু করেন।

একপর্যায়ে তিনি টাকা ফেরত দিতে সম্মত হয়ে কয়েক দফায় প্রায় ৩০ লাখ টাকা ফেরত দেন। তবে বাকি টাকা ফেরত চাইলে গত কয়েক মাস ধরে বাদী রাজু মিয়াকে বিভিন্নভাবে হুমকি-ধমকি ও মামলার ভয় দেখাতে থাকেন।

পরে করিমের কাছ থেকে টাকা আদায়ে কোনো ইতিবাচক সাড়া না পেয়ে রাজু মিয়া সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে দুইজনের নাম উল্লেখ করে প্রতারণার মামলা দায়ের করেন। মামলা নম্বর সিআর-৮৬১/২০২৫। আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে পুলিশ অভিযান শুরু করে।

মামলার অপর আসামি কোতোয়ালী থানার শাহজালাল উপশহরের গার্ডেন টাওয়ার এলাকার মো. জয়নাল আবেদিনের ছেলে রাশেদ আহমদ রবিন বর্তমানে পলাতক রয়েছেন।

জানা গেছে, আব্দুল করিম ও রাশেদ আহমদ রবিন দীর্ঘদিন ধরে সিলেটে বিভিন্ন নামে ট্রাভেলস প্রতিষ্ঠানের পরিচয় দিয়ে বিদেশ পাঠানোর কথা বলে মানুষের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করে আসছিলেন। টাকা ফেরত চাইলে তারা নানা অজুহাতে সময়ক্ষেপণ করতেন এবং অনেক সময় হামলা-মামলার ভয় দেখাতেন। বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন নামে ট্রাভেলস প্রতিষ্ঠানের পরিচয়ও দিতেন বলে অভিযোগ রয়েছে।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সিলেট কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইনুল জাকির খান বলেন,
“প্রতারণার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল করিমকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”