বিদ্যুতের দাম বাড়ানো হলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বাজারে নিত্যপণ্যের দাম ইতোমধ্যে সহনীয় মাত্রা ছাড়িয়েছে। এ অবস্থায় বিদ্যুতের দাম বাড়ানো হলে তা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের ওপর অতিরিক্ত চাপ তৈরি করবে।
তিনি আরও বলেন, জ্বালানি সংকট বৈশ্বিক হলেও দেশের পরিস্থিতি আরও জটিল হয়েছে কূটনৈতিক দুর্বলতা, জ্বালানি খাতে অদক্ষতা এবং দুর্বল পরিকল্পনার কারণে। ইরান থেকে জ্বালানি আমদানির ক্ষেত্রেও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলে ধরেন তিনি।
তার ভাষ্য, অর্থনৈতিক সংকট দেখা দিলেই এর চাপ সাধারণ মানুষের ওপর পড়ে, কিন্তু ব্যয় সংকোচনে সরকারের কার্যকর উদ্যোগ কম দেখা যায়।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আগে অপ্রয়োজনীয় ব্যয় কমানো, রাষ্ট্রীয় খাতে সাশ্রয় এবং কূটনৈতিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে। এরপর বিদ্যুতের দাম বৃদ্ধির মতো সিদ্ধান্ত বিবেচনা করা উচিত।





