রাজশাহীতে বৈদ্যুতিক পোলে ট্রান্সমিশন লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কর্মচারী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে কাশিয়াডাঙ্গা থানার কাঠালবাড়িয়া এলাকায় কোর্ট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

বুধবার (১২ নভেম্বর) নেসকো রাজশাহীর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। আহতরা হলেন আব্দুল হক (মৃত সামছুল হকের ছেলে) ও মো. তালেব।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নেসকোর একটি দল ট্রান্সমিটার লাইনের ত্রুটি মেরামতের জন্য বৈদ্যুতিক খুঁটির ওপর কাজ করছিল। এ সময় হঠাৎ বৈদ্যুতিক প্রবাহ চালু থাকায় এক কর্মচারী তীব্র শকের আঘাতে নিচে পড়ে যান, আর অপরজন খুঁটিতে ঝুলে থাকেন। সহকর্মী ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে। দুর্ঘটনার সময় এলাকায় ব্যাপক ভিড় জমে যায় এবং সবাই আতঙ্কিত হয়ে পড়েন।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা ইমারজেন্সি মেডিকেল অফিসার (ইএমও) ডা. শংকর কে বিশ্বাস জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

নেসকো রাজশাহীর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুর রশিদ বলেন, “ঘটনার পর আমরা তাদের খোঁজখবর নিয়েছি। চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে এবং কোনো তদারকি কমতি হবে না। এছাড়া আমরা মিটিং ডেকেছি এবং ঘটনার তদন্ত কমিটি গঠন করেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”