চলতি বছরের ডিসেম্বরেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর। দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করতে নানা পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগের যেকোনো আসরের তুলনায় এবার আয়োজনটি হবে কিছুটা ভিন্ন, পাশাপাশি বাড়ানো হয়েছে প্রাইজমানিও।

ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও জাতীয় নির্বাচন থাকায় বিপিএলের জন্য হাতে আছে মাত্র এক মাসের সময়। তাই এবার পাঁচ বা সর্বোচ্চ ছয় দল নিয়েই আয়োজন করতে চায় বিসিবি।

বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক শেষে সহসভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান শাখাওয়াত হোসেন জানান, আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। এবার প্রথমবারের মতো ভেন্যু বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। ইতোমধ্যে রাজশাহী ও বরিশালের দুটি স্টেডিয়াম পরিদর্শন করেছে বিসিবির ফ্যাসিলিটিজ বিভাগ।

দলগুলোর জন্যও থাকছে সুখবর। আগামী আসর থেকে টুর্নামেন্টের টেলিভিশন স্বত্বসহ মোট আয়ের ৩০ শতাংশ ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে ভাগাভাগি করবে বিসিবি। এছাড়া প্রতিটি ম্যাচে ৩০ মিনিটের প্যারিমিটার বোর্ড সময় দেওয়া হবে ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রচারের জন্য—যেখানে মালিকরা নিজেদের ব্র্যান্ডিং চালাতে পারবেন। এটি বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো নেওয়া এমন একটি উদ্যোগ।