বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা থেকে সরে দাঁড়ালেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান। মাত্র এক মৌসুমেই শেষ হলো তার বিপিএল যাত্রা। এবারের আসরে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই টুর্নামেন্টে আর দেখা যাবে না তাকে।

গত মৌসুমে ঢাকা ক্যাপিটালসের হয়ে মাঠে একাধিকবার উপস্থিত হয়েছিলেন শাকিব খান। তার উপস্থিতিই ছিল বিপিএলের বাড়তি আকর্ষণ। যদিও তাকে দলটির মালিক বা বিনিয়োগকারী হিসেবে উপস্থাপন করা হয়েছিল, বাস্তবে তিনি ছিলেন দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাত্র।

শাকিব খান যুক্ত ছিলেন যে প্রতিষ্ঠানটির সঙ্গে, সেই প্রতিষ্ঠানই গতবার ঢাকা ক্যাপিটালসের মালিকানা পেয়েছিল। তবে এবার সেই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন এই অভিনেতা। ফলে বিপিএলে তার অংশগ্রহণও বন্ধ হয়ে গেছে।

শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে জানানো হয়েছে, শাকিব দীর্ঘদিন ধরেই রিমার্ক-হারল্যান গ্রুপের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। প্রতিষ্ঠানটির ভবিষ্যত কার্যক্রমের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।

এদিকে, ঢাকা ক্যাপিটালসকে ঘিরে বিতর্কও তৈরি হয়েছে। বিপিএলের গত আসরে স্পট ফিক্সিং-এর অভিযোগ উঠেছে দলটির বিরুদ্ধে। যদিও ফ্র্যাঞ্চাইজিটি দাবি করছে, তারা এমন কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত নয়। তবে বিসিবির তদন্ত কমিটির রিপোর্টে দলের বিরুদ্ধে অভিযোগের উল্লেখ রয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে। প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও ইঙ্গিত দিয়েছে বোর্ড।

বিপিএলে শাকিব খানের অনুপস্থিতি ও বিতর্কিত পরিস্থিতি ঘিরে এবারের আসর শুরুর আগেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ঢাকা ক্যাপিটালস।