বৃহস্পতিবার (২ অক্টোবর) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের দ্বারা গণমাধ্যমকর্মীরা লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এনসিপি সংবাদ সম্মেলন বয়কট করেছে।
জানা গেছে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে আজ দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং তার সফরসঙ্গীরা। তাদের সফর নিয়ে বিমানবন্দরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
উল্লেখ্য, বিমানবন্দরের ভিআইপি গেটে বিএনপি নেতা হুমায়ুন কবির ব্রিফিং চলাকালীন সেখানে উপস্থিত এনসিপি নেতারা উচ্চস্বরে স্লোগান দেন। এক গণমাধ্যমকর্মী তাদের থামতে অনুরোধ করলে নেতাকর্মীরা গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হয়ে লাঞ্ছিত করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সাংবাদিকরা এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করেন।
প্রসঙ্গত, ২৩ সেপ্টেম্বর থেকে ৯ দিনের জন্য যুক্তরাষ্ট্র সফরে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সফরে তার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। আজ তারা দেশে ফিরে আসেন।





