অ্যাথলেটিক বিলবাওকে ৫–০ গোলে উড়িয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা। জোড়া গোল করেছেন রাফিনিয়া।
বুধবার রাতে সৌদি আরবে অনুষ্ঠিত সেমিফাইনালে শুরু থেকে শেষ পর্যন্ত একচেটিয়া আধিপত্য দেখায় বর্তমান চ্যাম্পিয়ন ও রেকর্ড ১৫বারের শিরোপাজয়ী বার্সা। আগামী রোববার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে রিয়াল মাদ্রিদ অথবা আতলেতিকো মাদ্রিদ। আজ রাতে অপর সেমিফাইনালে মুখোমুখি হবে এই দুই দল।
জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে বার্সা কোচ হান্সি ফ্লিক একাদশে রাখেননি তরুণ তারকা লামিনে ইয়ামালকে। তবু বড় জয় পেতে কোনো সমস্যা হয়নি কাতালানদের। ম্যাচের ২২ মিনিটে বক্সের ভেতর থেকে নেওয়া শটে দলকে এগিয়ে দেন ফেরান তোরেস।
এরপর ৩০ থেকে ৩৮ মিনিটের মধ্যেই আসে আরও তিনটি গোল। ৩০ মিনিটে রাফিনিয়ার কাটব্যাকে ফার্মিন লোপেজের দুর্দান্ত শটে দ্বিতীয় গোল পায় বার্সা। চার মিনিট পর দ্রুত আক্রমণ থেকে তৃতীয় গোলটি করেন সুইডিশ উইঙ্গার রুনি বার্ডঘি। ৩৮ মিনিটে বাঁ দিকের কোণা থেকে নেওয়া শটে নিজের প্রথম গোলটি করেন রাফিনিয়া। বিরতির পর কাছ থেকে নিখুঁত ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলটি যোগ করেন তিনি।
৭২ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইয়ামাল। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি বার্সেলোনার টানা নবম জয়। বর্তমানে লা লিগার শীর্ষেও রয়েছে দলটি।
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকার পর ফিরে দুর্দান্ত ছন্দে আছেন রাফিনিয়া। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি সব সময় নিজেকে আরও ভালো করতে চাই। কখনোই মনে করি না আমি সেরা অবস্থায় আছি। দলকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টাই আমার লক্ষ্য।’
ভরাডুবির পর অ্যাথলেটিক অধিনায়ক ইনিয়াকি উইলিয়ামস বলেন, ‘এখানে আসা সমর্থকদের কাছে আমাদের ক্ষমা চাইতে হবে। আজ আমরা প্রত্যাশার কাছাকাছিও যেতে পারিনি।’





