সম্প্রতি পিয়ার্স মরগানের সঙ্গে সাক্ষাৎকারে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো বলেন, ইতিহাসের অন্যতম সেরা প্রমাণ করার জন্য তার বিশ্বকাপ জেতা আবশ্যক নয়। তিনি বলেন, “আপনি যদি জিজ্ঞেস করেন, বিশ্বকাপ জেতা কি আমার স্বপ্ন? আমি বলবো না। এটা স্বপ্ন নয়। আমাকে দেখান, ইতিহাসের সেরা প্রমাণ করা কি ঠিক হবে মাত্র ছয়-সাত ম্যাচের একটি টুর্নামেন্টে?”
\r\nএমন মন্তব্যের জবাবে বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি বলেছেন, বিশ্বকাপই শেষ কথা। ফ্লোরিডায় আমেরিকা বিজনেস ফোরামে মেসি বলেন, “সত্য হলো, বিশ্বকাপ জয়ের অনুভূতি ভাষায় ব্যাখ্যা করা কঠিন। ব্যক্তিগতভাবে, পরিবারিক এবং সতীর্থদের সঙ্গে, দেশের জন্য এটি একটি বিশেষ অর্জন। দেশের উদযাপনকেই দেখলেই বোঝা যায় তার গুরুত্ব।
\r\nআমার কাছে বিশ্বকাপ জয় খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের চূড়ান্ত সাফল্য। এটা অনেকটা যে কোনো পেশায় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর মতো। এর বাইরে আর কিছু চাইবার থাকে না। আমি ভাগ্যবান যে, বিশ্বকাপের আগে বাকি সাফল্যগুলোও অর্জন করেছি। এই অর্জন দিয়েই আমার ক্যারিয়ারের ইতি টানা হলো।”
\r\nমেসি আরও বলেছেন, কাতারে বিশ্বকাপ জয় তাকে সন্তান জন্মের অনুভূতির মতো আনন্দ দিয়েছে। তিনি বলেন, “আমি সরাসরি তুলনা করছি না, কিন্তু আমার জন্য ক্যারিয়ারের সব অর্জনের মধ্যে এটি বিশেষ। বিশ্বকাপ জয় অনেকটা নিজের সন্তান জন্মের অনুভূতির মতো।”





