ফিফা বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে মুখোমুখি হতে যাচ্ছে ফুটবল পরাশক্তি ব্রাজিল, ফ্রান্স, ক্রোয়েশিয়া ও কলম্বিয়া। আগামী মার্চে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ‘রোড টু ২৬’ নামের এই প্রস্তুতিমূলক আন্তর্জাতিক ফুটবল সিরিজ। সিরিজের সূচি ইতোমধ্যে চার দেশের ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।
ফিফা উইন্ডোতে বোস্টন, অরল্যান্ডো ও ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে সিরিজের সব ম্যাচ। আগামী ২৬ মার্চ ম্যাসাচুসেটসের ফক্সবরোতে জিলেট স্টেডিয়ামে কোচ কার্লো আনচেলত্তির নেতৃত্বাধীন ব্রাজিলের মুখোমুখি হবে দিদিয়ের দেশমের ফ্রান্স। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।
পরদিন ২৭ মার্চ ভোর ৫টা ৩০ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া ও কলম্বিয়া। এরপর ২৯ মার্চ ল্যান্ডোভার, মেরিল্যান্ডের নর্থওয়েস্ট স্টেডিয়ামে কলম্বিয়া-ফ্রান্স ম্যাচ অনুষ্ঠিত হবে, যা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
সিরিজের শেষ ম্যাচটি হবে ১ এপ্রিল ভোর ৬টায় অরল্যান্ডোতে, যেখানে মুখোমুখি হবে ব্রাজিল ও ক্রোয়েশিয়া।
ব্রাজিলিয়ান গণমাধ্যম জানিয়েছে, মার্চের এই প্রীতি ম্যাচগুলোতেই ২০২৬ বিশ্বকাপের নতুন জার্সি প্রথমবারের মতো পরবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ফ্রান্সের বিপক্ষে ম্যাচে তারা মাঠে নামবে নতুন হলুদ জার্সিতে এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে নীল রঙের অ্যাওয়ে জার্সিতে। ফ্রান্স ও ক্রোয়েশিয়াও এই সিরিজে নতুন জার্সি উন্মোচন করবে।
এর আগে গত ৫ ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানের পর ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি সামির জাউদ জানিয়েছিলেন, মার্চে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। পরে ১৯ ডিসেম্বর ম্যাচগুলোর তারিখ ও ভেন্যু নিশ্চিত করা হলেও পূর্ণ সূচি তখন প্রকাশ করা হয়নি।
৪৮ দলের অংশগ্রহণে ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ১৬টি ভেন্যুতে আয়োজিত এই বিশ্বকাপে ‘সি’ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।





