গত ২১ জানুয়ারি আইসিসি পূর্ণ সদস্য দেশগুলোর বোর্ড পরিচালকদের নিয়ে একটি ভার্চুয়াল সভা করে। ওই সভায় বিশ্বকাপে খেলতে বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়। আইসিসি বাংলাদেশকে অবস্থান পুনর্বিবেচনার জন্য আরও ২৪ ঘণ্টা সময় দিলেও বাংলাদেশ তাদের সিদ্ধান্তে অনড় থাকে। শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশকে প্রতিযোগিতা থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে ক্রিকবাজ।
বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড ‘সি’ গ্রুপে জায়গা পাচ্ছে। এই গ্রুপে তারা ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে কলকাতায়। এরপর মুম্বাইয়ে নেপালের বিপক্ষে তাদের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ক্রিকবাজ জানিয়েছে, ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে দুবাই ও এডিনবার্গের মধ্যে এ বিষয়ে যোগাযোগ হয়েছে বলে জানা গেছে।
এদিকে আজ শনিবার ইন্ডিয়া টুডে জানিয়েছে, আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে যে তাদের স্থলাভিষিক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। শুক্রবার দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে আইসিসির চেয়ারম্যান জয় শাহ বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ চূড়ান্ত করেন।
এর আগে ভেন্যু পরিবর্তনের শেষ চেষ্টা হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির বিবাদ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) কাছে আবেদন করে। তবে কমিটি সেই আপিল খারিজ করে দেয় এবং আইসিসির আগের সিদ্ধান্ত বহাল রাখে।





