ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। এর ধারাবাহিকতায় সোমবার (৩০ মার্চ) সকালে অপরিশোধিত তেলের দাম ১১৬ ডলার ছাড়িয়েছে। একই সঙ্গে ধাক্কা লেগেছে এশিয়ার শেয়ারবাজারেও।
বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৩ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে তেলের দাম প্রায় ৩.৫ শতাংশ বেড়ে ১০৩ ডলারে পৌঁছেছে।
যুদ্ধের প্রভাব শেয়ারবাজারেও স্পষ্ট। লেনদেন শুরুর পরই জাপানের নিক্কেই ২২৫ সূচক ৪.৫ শতাংশ কমে যায়। একইভাবে দক্ষিণ কোরিয়ার কসপি সূচক প্রায় ৪ শতাংশ পড়ে যায়।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালায়। এর জবাবে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতেও হামলা চালানো হচ্ছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে দামে।





