বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের বিজয় এবং তাদের জনপ্রিয়তার কারণ একটি গবেষণার বিষয়। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে ছাত্রদল বিশ্ববিদ্যালয়গুলোতে কার্যক্রম চালাতে পারেনি।

ঠাকুরগাঁওয়ের কালিবাড়িস্থ নিজ বাসভবনে শুক্রবার (৯ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মির্জা ফখরুল আরও বলেন, “জোর দিয়ে বলতে চাই, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।”

তিনি দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। বিএনপি মহাসচিব বলেন, “যেভাবে আমাদের নেতাদের হত্যা করা হচ্ছে, তার জন্য সরকার এখনও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। আমরা আশা করব, সরকার দায়িত্বশীল পদক্ষেপ নেবে।”

ঠাকুরগাঁওয়ে তারেক রহমানের সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এটি একটি ব্যক্তিগত সফর। দীর্ঘ সময় পর তিনি মাতৃভূমিতে এসেছেন। তিনি দিনাজপুরে তার নানির কবর জেয়ারত করবেন এবং ঠাকুরগাঁওয়ে জুলাই শহিদদের কবর জেয়ারত ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন।

উল্লেখ্য, সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ২১ পদের মধ্যে ভিপি, জিএস ও এজিএস পদসহ ১৬টি পদে জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য প্যানেল’। ছাত্রদল-সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল’ চারটি পদ এবং একটি স্বতন্ত্র পদে জয়লাভ করেছে।