২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হওয়ার পর আলোচনায় এলেও খুব বেশি দিন শোবিজে সক্রিয় ছিলেন না জেসিয়া ইসলাম। নাটক, সিনেমা কিংবা মডেলিং—কোথাও উল্লেখযোগ্য জায়গা তৈরি করতে পারেননি। তবে ব্যক্তিগত জীবন ঘিরে নানা বিতর্কে তিনি ছিলেন আলোচনায়। এবার সম্পূর্ণ ভিন্ন এক পরিচয়ে আবার সামনে এসেছেন তিনি। দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে।


জেসিয়া অংশ নিচ্ছেন বিশ্বের নামি প্রতিযোগিতা ‘মিস ইন্টারন্যাশনাল ২০২৫’-এ। শুরুতেই তিনি চান সেরা ২০–এ জায়গা করে নিতে। আর সে জন্যই তিনি জনসমর্থন চাইছেন।


নিজের ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় জেসিয়া বলেন, “আমি জেসিয়া ইসলাম। ‘মিস ইন্টারন্যাশনাল ২০২৫’-এ আপনাদের সমর্থন আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে, টপ টোয়েন্টিতে যেতে পারব।”


তিনি আরও জানান, ভোট দিতে হলে ‘মিস ইন্টারন্যাশনাল’ অ্যাপ ডাউনলোড করতে হবে। প্রথম ভোট সবার জন্য ফ্রি, আর পরবর্তী ভোট দিতে ক্রেডিট কার্ডের প্রয়োজন হবে। পরিবার ও বন্ধুদেরও ভোট দিতে অনুরোধ জানাতে বলেন তিনি।


জেসিয়ার ভাষায়, এটি শুধুই ব্যক্তিগত প্রতিযোগিতা নয়। “আমি জিতলে শুধু আমি নয়, বাংলাদেশও জিতবে,” বলেন তিনি। “বিশ্বমঞ্চে দেশের নাম আরও উঁচুতে তুলে ধরতে সবাই পাশে থাকবে বলে আশা করি।”


মডেলিংয়ের পাশাপাশি জেসিয়া অভিনয় করেছেন নাটক ও সিনেমায়ও। ভারত–বাংলাদেশ যৌথ প্রযোজনার মনস্তাত্ত্বিক থ্রিলার ‘দরদ’ ছবিতে অতিথি চরিত্রে দেখা গেছে তাকে। ছবিতে অভিনয় করেছেন শাকিব খান ও সোনাল চৌহান। ‘মাসুদ রানা–৯’ চলচ্চিত্রে তিনি একটি এজেন্ট চরিত্রে অভিনয় করেছেন।