বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে নতুন পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন করপোরেট অঙ্গনের শীর্ষ নির্বাহী ও ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাকে কাউন্সিলর হিসেবে মনোনীত করে বিসিবিকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে। তার অন্তর্ভুক্তির মধ্য দিয়ে বিসিবির ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ পূর্ণতা পেল।
চলতি বছরের ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচনের পর এনএসসি যাদের মনোনয়ন দিয়েছিল, তাদের একজন ইসফাক আহসানকে ঘিরে বিতর্ক তৈরি হয়। পরে তিনি পদত্যাগ করলে তার স্থলেই রুবাবাকে মনোনীত করা হয়।
সূত্র জানায়, কর্মস্থলের কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়ায় রুবাবা দৌলা এতদিন দায়িত্ব গ্রহণ করতে পারেননি।
বর্তমানে তিনি বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ পদে কর্মরত অবস্থায় তিনি বাংলাদেশের ক্রিকেটে পৃষ্ঠপোষকতা ও উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
গ্রামীণফোনের বিপণন ও যোগাযোগ বিভাগের নেতৃত্বে থাকা অবস্থায় ২০০৭ সালে বিসিবির সঙ্গে যৌথভাবে মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠায়ও তার উল্লেখযোগ্য অবদান ছিল।
রুবাবা দৌলা ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি এবং একই সময়ে বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য ছিলেন।
আজ বিসিবির পরিচালনা পর্ষদের একটি সভা হওয়ার কথা রয়েছে, সেখানে তিনি যোগ দিতে পারেন বলে জানা গেছে। এনএসসি মনোনীত অপর কাউন্সিলর হলেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।





