২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে বিসিবির তোলা উদ্বেগের আনুষ্ঠানিক জবাব দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, টুর্নামেন্টে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং এ বিষয়ে বিসিবির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।
বিসিবিকে পাঠানো চিঠিতে আইসিসি জানিয়েছে, বিশ্বকাপের সামগ্রিক নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে বাংলাদেশের প্রস্তাব ও মতামত গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। আইসিসি ও আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি নিরাপদ ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করাই এই আলোচনার মূল উদ্দেশ্য।
এদিকে সম্প্রতি গণমাধ্যমের একটি অংশে আইসিসির পক্ষ থেকে ভারত সফর নিয়ে বিসিবিকে আল্টিমেটাম দেওয়ার যে দাবি করা হয়, তা ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে বিসিবি। বোর্ড জানিয়েছে, আইসিসির সঙ্গে হওয়া যোগাযোগের প্রকৃত ভাষা বা বিষয়বস্তুর সঙ্গে এসব প্রতিবেদনের কোনো মিল নেই। বরং দুই পক্ষের মধ্যে পেশাদার ও সহযোগিতাপূর্ণ পরিবেশে আলোচনা চলছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আবারও স্পষ্ট করেছে, জাতীয় দলের খেলোয়াড়দের নিরাপত্তা, সুরক্ষা ও সামগ্রিক কল্যাণই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এই লক্ষ্য বাস্তবায়নে আইসিসি ও সংশ্লিষ্ট আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনা অব্যাহত থাকবে।
বোর্ড আশা করছে, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে একটি বাস্তবসম্মত ও সৌহার্দ্যপূর্ণ সমাধানে পৌঁছানো সম্ভব হবে, যা আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ বাংলাদেশের দলের অংশগ্রহণকে নির্বিঘ্ন ও সফল করে তুলবে।





