রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা বিস্ফোরক দ্রব্যাদি নিয়ন্ত্রণ মামলায় এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে তাজহাট থানা পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) দুপুর ১২টায় রংপুর নগরীর দর্শনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে তাজহাট থানায় নেওয়া হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম পারভেজ আপেল। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে মাস্টার রোলে নিয়োজিত কর্মচারী ছিলেন।
তাজহাট থানার (বিশ্ববিদ্যালয় ফাঁড়ি) ওসি মুসাদ্দেক বলেন, পারভেজ আপেলের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ বিস্ফোরক দ্রব্য আইনে গত ৭ মে তাজহাট থানায় ৭১ জনের বিরুদ্ধে মামলা করেন।
মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন—৩৬ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক, ১৩ জন কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরো ৮০-১০০ জনকে আসামি করা হয়েছে। এর আগেও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তাকে গ্রেপ্তার করে পুলিশ।





